বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পদত্যাগের পর মহাসচিব পদটি শূন্য হয়। বিএনপি সরকার গঠনের পর গত ১৭ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
কুড়িগ্রাম জেলার পৈতৃক নিবাসের রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার। ছাত্রজীবনের শুরুতে উচ্চ মাধ্যমিক শেষ করে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন রিজভী। সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। পরে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিও হন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন রুহুল কবির রিজভী। এরপর গত ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। দলের মহাসচিব পদ শূন্য হওয়ার পাঁচ দিনের মাথায় এবার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হলো।